বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১৯, ২০২৬, ৫:১৯ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ১৮, ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি এএইচ-৬ অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটির দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানান সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি। তিনি বলেন, সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধীন একটি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটির কথা জানানো হয়েছে।

তবে এ ঘটনায় ভিন্ন দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, নাজরানের কাছে একটি সৌদি অ্যাপাচি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে হুথিরা। তাঁর দাবি, হেলিকপ্টারটি সীমান্ত এলাকায় হুথিদের অবস্থান লক্ষ্য করে অভিযান চালাচ্ছিল।

রোববার হুথিদের ওই দাবির জবাবে আল-মালিকি অ্যাপাচি হেলিকপ্টারের একটি ছবি প্রকাশ করে মন্তব্য করেন, হেলিকপ্টারটি ভূপাতিত করার দাবি করা হলেও এটি শিগগিরই যুদ্ধক্ষেত্রে প্রবেশ করবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান এলাকায় হুথিদের হামলার ঘটনা বেড়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট ও ইরান-সমর্থিত ইয়েমেনভিত্তিক গোষ্ঠীটির মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে ইয়েমেনের সংঘাত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধের সঙ্গে আরও জড়িয়ে পড়ছে বলে মনে করা হচ্ছে।