বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১৯, ২০২৬, ৫:১৮ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ১৮, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ

কানাডার সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের শঙ্কা

কানাডার সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের শঙ্কা

কানাডার আলবার্টা প্রদেশের একটি গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে জানা গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (১৭ অক্টোবর) অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের সুনির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি তিনি।

সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে কানাডীয় সশস্ত্র বাহিনী স্থানীয় জরুরি সেবা সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। পরিস্থিতিকে ‘অত্যন্ত নাজুক’ উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কানাডার কোনো সামরিক ঘাঁটিতে এমন বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাহসী সামরিক সদস্য ও সংশ্লিষ্ট সবার প্রতি সমবেদনা জানান।

অগ্নিকাণ্ডের ঘটনাস্থল ‘কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট’ দেশটির অন্যতম ব্যস্ত সামরিক প্রশিক্ষণকেন্দ্র। কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (সিবিসি) তথ্য অনুযায়ী, সেখানে নিয়মিত সরাসরি গোলাবারুদ ব্যবহার করে সামরিক মহড়া ও প্রশিক্ষণ পরিচালিত হয়। স্বাভাবিক সময়ে ঘাঁটিটিতে প্রায় ৬৯০ জন সামরিক কর্মকর্তা ও সদস্য এবং ৩০০ জন বেসামরিক কর্মী দায়িত্ব পালন করেন।

ওয়েনরাইট মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সামরিক ঘাঁটির নিরাপত্তা সীমানা পেরিয়ে আশপাশের লোকালয়ে পৌঁছে যায়। স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে কর্তৃপক্ষ প্রথম আনুষ্ঠানিকভাবে এ দুর্যোগের তথ্য প্রকাশ করে।

আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ ঘটনাটিকে ‘মর্মান্তিক’ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এ ঘটনা প্রদেশের সামরিক সদস্যদের জন্য বড় আঘাত। পরিস্থিতি মোকাবিলা ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে প্রাদেশিক সরকার কেন্দ্রীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

এদিকে উদ্ধার ও জরুরি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে ঘটনাস্থল এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিস ও জরুরি সেবার যানবাহন চলাচলের জন্য সড়ক উন্মুক্ত রাখার আহ্বান জানানো হয়েছে।