বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১৮, ২০২৬, ২:১১ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ১৭, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ

৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন: আইজিপি

৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন: আইজিপি

দেশজুড়ে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। পূজা উদযাপন কমিটিগুলোর সঙ্গে সমন্বয় এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের সহযোগিতার ফলে সুষ্ঠুভাবে পূজা উদযাপন সম্ভব হচ্ছে বলে জানান তিনি।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইজিপি।

তিনি বলেন, প্রতিমা বিসর্জন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপন নিশ্চিত করা হবে। পূজাকে কেন্দ্র করে কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি সবাইকে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

আইজিপি বলেন, ধর্ম, মত ও বর্ণের ভিন্নতা থাকলেও দেশ সবার। সব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে একটি সুখী, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

৫ আগস্ট-পরবর্তী সময়ে পুলিশের কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সে সময় দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সবাই উদ্বিগ্ন ছিলেন। তবে সবার সহযোগিতায় বাংলাদেশ পুলিশ আবারও ঘুরে দাঁড়িয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, অন্যায় ও বৈষম্য দূর করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে পুলিশ কাজ করে যাবে।

এদিকে পূজা উদযাপন পরিষদের নেতারা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান। তাঁদের মতে, পুলিশের নিরাপত্তাব্যবস্থার কারণে নির্বিঘ্নে পূজা উদযাপন করা সম্ভব হচ্ছে।

এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।