বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১৮, ২০২৬, ২:১০ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ১৭, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ

ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে, দাবি চিফ হুইপের

ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে, দাবি চিফ হুইপের

বরগুনা প্রতিনিধি: ফ্যামিলি কার্ড চালুর ফলে দুই সন্তানসহ মায়েদের তালাক দেওয়ার প্রবণতা বন্ধ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সরকারের ভালো কাজগুলো গণমাধ্যমে গুরুত্ব দিয়ে তুলে ধরার আহ্বানও জানিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা–বিষয়ক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ফ্যামিলি কার্ড মায়েদের আর্থিকভাবে শক্তিশালী করেছে। এ কার্ডের সুবিধা মায়েদের নামে দেওয়া হচ্ছে, যাতে তারাই এর সুফল ভোগ করতে পারেন। ফ্যামিলি কার্ডের কারণে স্বামীরা স্ত্রীদের ছেড়ে যাওয়ার সুযোগ হারিয়েছেন বলেও দাবি করেন তিনি।

চিফ হুইপ বলেন, সরকারের কোনো কাজ ভালো হলে তা গণমাধ্যমে বড় করে প্রকাশ করা উচিত। ভালো কাজগুলো মানুষকে বারবার মনে করিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তির অর্থ দিয়ে দেশে পাঁচটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা যেত। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করেছিল বলেও অভিযোগ করেন তিনি।

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট বার্তা হলো, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এ নীতিতে দেশ পরিচালিত হচ্ছে। গত দুই বছরে দেশে কোনো প্রতিমা বা মূর্তি ভাঙার ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।

সভায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, জেলা প্রশাসক তাসলিমা আক্তার, পুলিশ সুপার কুদরত খুদা, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাসহ অন্যরা উপস্থিত ছিলেন।