এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় নারায়ণগঞ্জের আমলাপাড়া সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন ও পূজা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।
এছাড়া আমলাপাড়া পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রবীর কুমার সাহা। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সকল ধর্মের মানুষ মিলেমিশে যুগ যুগ ধরে বসবাস করে আসছে। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মকভাবে কাজ করছে। কোনো ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না। সকলকে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।
পরে মন্ত্রী পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

