নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভাড়া বাসা থেকে নাদিম আকন্দ (৩৬) নামে এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্ত্রী খাদিজাকে আটক করা হয়েছে। তবে ঘটনার পর থেকে সন্দেহভাজন হাকিম মোল্লা পলাতক রয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী গ্রামের একটি টিনের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাদিম আকন্দ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উত্তর জাঙ্গালিয়া গ্রামের জসিমউদ্দিনের ছেলে। তিনি দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ী এলাকার একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, দড়ি সত্যভান্দী গ্রামের বাতেনের বাড়িতে ভাড়া থাকতেন হাকিম মোল্লা। শুক্রবার সকালে তাঁর ঘর থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির মালিকের ছেলে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে বস্তাবন্দি অবস্থায় নাদিমের মরদেহ উদ্ধার করে। গত ১৪ অক্টোবর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নাদিমের স্ত্রী খাদিজার সঙ্গে হাকিম মোল্লার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। এ সম্পর্কের জেরে নাদিমকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে আটক করা হয়েছে। সন্দেহভাজন হাকিম মোল্লা পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

