রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ী পৌর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত পিয়ারুল সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের হারুন সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি ও মাদকসংক্রান্ত অন্তত ১৪টি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় এশার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় মোটরসাইকেলে আসা হেলমেট ও মাস্ক পরা দুই ব্যক্তি পিয়ারুলকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা গুলিবিদ্ধ পিয়ারুলকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনিক জানান, তার শরীরে দুটি গুলির ক্ষত ছিল। প্রাথমিক পরীক্ষায় হৃদস্পন্দন পাওয়া যায়নি। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হলেও সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে ফিরিয়ে আনা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতা অথবা অপরাধজগতের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে হত্যার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

