কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজন নিহত হয়েছেন। আগুনে রিসোর্টটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে নিহতদের সবাই পর্যটক বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে সকাল ৮টার দিকে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সেখানে উদ্ধার অভিযান শুরু হয়।
এদিকে, অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

