বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১৬, ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ১৬, ২০২৬, ১:০৯ অপরাহ্ণ

ভুক্তভোগীর মামলা ছাড়াই চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় সরকার

ভুক্তভোগীর মামলা ছাড়াই চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় সরকার

ভুক্তভোগীরা ভয়ের কারণে মামলা না করলেও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করতে আইন সংশোধন বা নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার। প্রস্তাবিত আইনি সংস্কারের আওতায় ভুক্তভোগী অভিযোগ না করলেও পুলিশ বাদী হয়ে অপরাধীদের বিরুদ্ধে মামলা করতে পারবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সরকারের পরিকল্পনা ও অগ্রগতি তুলে ধরা হয়।

কমিটির ১৩ আগস্টের বৈঠকের সিদ্ধান্ত ও কার্যবিবরণী পর্যালোচনায় জানা যায়, পেনাল কোডের আইনি সীমাবদ্ধতা দূর করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। চাঁদাবাজ ও তাদের পেছনে থাকা গডফাদারদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এসব ক্যামেরায় ধারণ করা অডিও-ভিডিও আদালতে ডিজিটাল প্রমাণ হিসেবে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া মোবাইল কোর্টের সীমিত শাস্তির পরিবর্তে চাঁদাবাজদের কঠোর দণ্ড নিশ্চিত করার আইনি ব্যবস্থাও বিবেচনা করা হচ্ছে, যাতে অপরাধীরা সহজে জামিন পেয়ে বা সামান্য সাজা ভোগ করে আবার অপরাধে জড়াতে না পারে।

চুরি ও মাদকসংক্রান্ত মামলা বেড়েছে

বৈঠকে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় ধর্ষণ, মাদকসংক্রান্ত অপরাধ, চুরি ও সিঁধেল চুরির মামলা বেড়েছে। অন্যদিকে খুন, ডাকাতি, দস্যুতা, নারী নির্যাতন ও পুলিশের ওপর হামলার ঘটনা কমেছে। সার্বিক পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ করে সংসদীয় কমিটি।

শিক্ষার্থীদের ইয়াবায় আসক্ত করার ঘটনায় উদ্বেগ

দেশে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। কমিটির পূর্ববর্তী বৈঠকের কার্যবিবরণী অনুযায়ী, তিনি জানান, বেকারত্বের কারণে যুবসমাজের একাংশ বিভ্রান্ত হচ্ছে। এমনকি কিছু মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে রাত জেগে পড়াশোনার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের ইয়াবায় আসক্ত করার চেষ্টা হচ্ছে। এ প্রবণতা ঠেকাতে দ্রুত সচেতনতামূলক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।

সংসদীয় কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।