বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১৬, ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ১৬, ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লুৎফুজ্জামান বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। সেখানে বিভিন্ন অনিয়ম ও অপরাধ নিয়ে লেখালেখি করতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে তেলনজিয়া বাজারে একটি দোকানে চা পান করে বাসায় ফিরছিলেন লুৎফুজ্জামান। এ সময় দুই যুবক এসে প্রথমে সিগারেট চান। এরপর তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়েন। স্থানীয় লোকজন এগিয়ে এলে মোটরসাইকেলে করে পালিয়ে যান তাঁরা।

পরে স্থানীয়রা লুৎফুজ্জামানকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দোকানি রবিন রাংছা জানান, তিনি তখন দোকানে চায়ের কাপ পরিষ্কার করছিলেন। এ সময় দুই যুবক এসে সিগারেট চাওয়ার পর হঠাৎ লুৎফুজ্জামানকে গুলি করেন।

নিহত সাংবাদিকের স্ত্রী অনিন্দিতা সংমা জানান, ঘটনার সময় তাঁরা বাসায় খাচ্ছিলেন। পরে স্বামীর গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে বাইরে গিয়ে তাঁকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তাঁর স্বামীর ওপর আগেও হামলা হয়েছিল উল্লেখ করে হত্যাকারীদের বিচার দাবি করেন তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালের ১০ নভেম্বর দুর্গাপুরের সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছিলেন লুৎফুজ্জামান। সে সময় তাঁকে কুপিয়ে জখম করা হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, নিহতের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।