গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ইয়াবাসহ আটক এক নারী ও এক পুরুষকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে একদল ব্যক্তি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহতরা হলেন টিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিক। তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে মাদক বিক্রির খবর পেয়ে স্টেশনে দায়িত্ব পালনরত পুলিশ ও নিরাপত্তাকর্মীরা অভিযান চালান। এ সময় ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে আটক করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।
পরে আটক দুজনকে ছিনিয়ে নিতে তাদের সহযোগীরা রামদা, হাসুয়াসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালান। একপর্যায়ে ফাঁড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন তারা। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ৪০ থেকে ৫০ জনের একটি দলকে দেশীয় অস্ত্র নিয়ে ফাঁড়ি ঘেরাও ও ভাঙচুর করতে দেখা গেছে। ভিডিওতে আশপাশের বিভিন্ন স্থাপনায় হামলার দৃশ্যও রয়েছে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও মাদকদ্রব্য-সংক্রান্ত আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

