বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১৬, ২০২৬, ৩:০৪ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ১৫, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ

২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের পরিকল্পনা

২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের পরিকল্পনা

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অর্ধেকে নামিয়ে আনতে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে সড়ক যোগাযোগের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত কৌশলও নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এলিভেটেড সড়ক নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে মুন্সীগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অর্ধেকে নামিয়ে আনতে চায় সরকার। এ জন্য শুধু সড়কের অবকাঠামো উন্নয়ন যথেষ্ট নয়। যান চলাচলে শৃঙ্খলা, ফিটনেসবিহীন যানবাহন বন্ধ, দক্ষ চালক নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর উচ্চ হার উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতির উন্নয়নে সরকার সমন্বিতভাবে কাজ করছে।

তিনি জানান, সড়কে নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্রাফিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সংস্থাগুলো কাজ করছে। এআই ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিসহ বিভিন্ন কার্যক্রমও চলছে। তবে শুধু নজরদারি বাড়িয়ে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। চালক, পরিবহন মালিক ও সাধারণ মানুষকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলের বিষয়ে মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশ ছয় লেন ও কিছু অংশ চার লেনের হলেও যথাযথ প্রবেশ নিয়ন্ত্রণব্যবস্থা নেই। ফলে বিভিন্ন স্থান থেকে ধীরগতির তিন চাকার যানবাহন মহাসড়কে উঠে আসছে।

এ সমস্যা সমাধানে স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণব্যবস্থা জোরদার, হাইওয়ে পুলিশের নজরদারি বৃদ্ধি এবং মহাসড়কের সঙ্গে যুক্ত আঞ্চলিক ও শাখা সড়কগুলোর ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে জানান তিনি।