বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ২২, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ১৫, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ

লাল কার্ডে নিষিদ্ধ হামজা, শেষ মুহূর্তের গোলে হার শেফিল্ডের

লাল কার্ডে নিষিদ্ধ হামজা, শেষ মুহূর্তের গোলে হার শেফিল্ডের

চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ইউনাইটেড। হারের ম্যাচে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরীকে। ফলে পরবর্তী ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে শেফিল্ডকে।

ফ্রাটন পার্কে ম্যাচের ৩৩ মিনিটে রায়ান কাভুমা ম্যাককুইনকে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন হামজা। এর ১০ মিনিট পর একই খেলোয়াড়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।

হামজার দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। কাভুমা বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় হামজার সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান। এ ঘটনায় রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়।

ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ২-২ সমতা ফিরিয়েছিল শেফিল্ড ইউনাইটেড। তবে ৮৯ মিনিটে এবু অ্যাডামসের গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে পোর্টসমাউথ।

ইংলিশ ফুটবল লিগের (ইএফএল) নিয়ম অনুযায়ী, এক ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে বহিষ্কৃত হলে সাধারণত এক ম্যাচের নিষেধাজ্ঞা পান সংশ্লিষ্ট খেলোয়াড়। সে হিসাবে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না হামজা।

শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার দাবি করেছেন, রেফারি প্রথমে হামজাকে জানিয়েছিলেন, তাঁকে মাঠ ছাড়তে হবে না। পরে সিদ্ধান্ত বদলে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি।