শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রথমবারের মতো বিশেষ বাস সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ সেবা চালু থাকবে। এ জন্য প্রাথমিকভাবে ২০০টি বাস প্রস্তুত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা অনুযায়ী দুর্গোৎসবে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ১৬ অক্টোবর থেকে ঢাকাসহ সারা দেশে বিআরটিসির ২২টি বাস ডিপোতে অগ্রিম টিকিট বিক্রি ও বাস রিজার্ভের ব্যবস্থা থাকবে।
ঢাকা ও গাজীপুর থেকে দেশের বিভিন্ন জেলার মধ্যে এবং আন্তজেলা রুটে এসব বাস চলাচল করবে। রংপুর, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ময়মনসিংহসহ বিভিন্ন গন্তব্যে এ সেবা পাওয়া যাবে। যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা বাড়ানো হবে।
এ ছাড়া বিশেষ বাস সার্ভিসের জন্য রাজধানীর মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল এবং গাজীপুর চৌরাস্তা ও চন্দ্রা মোড়ে ৬০টি বাস স্ট্যান্ডবাই রাখা হবে।
বিশেষ এ বাস সার্ভিস-সংক্রান্ত তথ্য ও প্রয়োজনে বিআরটিসির কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে। টেলিফোন নম্বর ০২৪১০৫৩০৪২। মোবাইল নম্বর ০১৩২৪২৯৩৯৭৪ ও ০১৭১৮১৮৩৫৮৯।
