ভারতে অস্থিরতা সৃষ্টি করে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় পরিবর্তন আনার চেষ্টা করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তাঁর অনুসারীরা। এমন অভিযোগ করেছে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির মুখপাত্র প্রদীপ ভান্ডারি এ অভিযোগ করেন।
এ সময় তিনি অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) নেত্রী নেহা বোরার একটি কথিত মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন। ভান্ডারির দাবি, বাংলাদেশের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন থেকে অনুপ্রাণিত হওয়ার কথা বলেছেন নেহা বোরা।
বিজেপির এই মুখপাত্রের অভিযোগ, নেহা বোরার বক্তব্য এবং রাহুল গান্ধীর সাম্প্রতিক প্রতিবাদ মিছিলে তাঁর উপস্থিতি থেকে বোঝা যায়, কংগ্রেস ও রাহুলের অনুসারীরা ভারতে অস্থিরতা সৃষ্টি করে কেন্দ্রের ক্ষমতায় পরিবর্তন আনার ষড়যন্ত্র করছেন।

