বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১৪, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ

সার সংকট তৈরিতে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের হাত থাকতে পারে: প্রতিমন্ত্রী

সার সংকট তৈরিতে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের হাত থাকতে পারে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন জেলায় সার সংকট তৈরির পেছনে ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের লোকজনের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঘোড়াইঘাট এলাকায় গড়াই নদীর ওপর প্রস্তাবিত শহীদ আবরার ফাহাদ সেতুর স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

প্রতিমন্ত্রী বলেন, যেসব জেলায় সার নিয়ে সমস্যা দেখা দিয়েছে, সেসব জেলার সংসদ সদস্যরা ১১ দলীয় জোটের। সরকারকে বিভ্রান্ত করতে তাদের দলীয় লোকজন এ সংকট তৈরি করে থাকতে পারেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

মীর শাহে আলম বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া সার ডিলারদের নিয়োগ দেওয়া হয়েছিল আগের সরকারের আমলে। ডিলারদের অসহযোগিতার কারণে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বিএনপির সংসদ সদস্য রয়েছেন, এমন জেলাগুলোতে সার নিয়ে কোনো সমস্যা হয়নি বলেও দাবি করেন তিনি। বর্তমান সরকারের সময়ে সার ডিলার নিয়োগে অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

এর আগে কুমারখালীর রায়ডাঙ্গায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন তিনি। পরে গাড়িতে ওঠার সময় সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন স্টার নিউজের এক সাংবাদিক।

পরে প্রতিমন্ত্রী প্রস্তাবিত সেতু নির্মাণের দুটি স্থান পরিদর্শন করেন। এ সময় কুষ্টিয়ার বর্তমান ও সাবেক বিএনপিদলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।