বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১৪, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ

এসআরবি-১১ ও ১৪-এর যৌথ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৪১ লাখ টাকাসহ গ্রেফতার ৩

এসআরবি-১১ ও ১৪-এর যৌথ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৪১ লাখ টাকাসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
টাঙ্গাইলের যমুনা সেতু এলাকা ও মুন্সীগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১ ও ১৪-এর যৌথ অভিযানে তিনটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাতে ও ভোরে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাত ২টা ১০ মিনিটে যমুনা সেতু পূর্ব গোলচত্বর এলাকার চেকপোস্টে ‘রিয়াজ পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় একটি হারমোনিয়ামের ভেতরে লুকিয়ে রাখা দুটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ মো. বারেক ব্যাপারী (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারেক জানান, অস্ত্র ও গুলির চালানটি মুন্সীগঞ্জের সুজন বেপারীর কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। তিনি আরও জানান, সুজন কুষ্টিয়া থেকে পিস্তল দুটি কিনেছিলেন।
এরপর বুধবার সকাল ৭টার দিকে এসআরবি-১১-এর একটি দল মুন্সীগঞ্জ সদর থানার শিরোইল এলাকায় সুজন বেপারীর (৩৮) বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে সুজন ও তাঁর বড় ভাই মনির হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

তাঁদের বাড়ি তল্লাশি করে আরও একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও অস্ত্র বিক্রির ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।