বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১৪, ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, ১:৫১ অপরাহ্ণ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন নয়, বাড়ছে নিরাপত্তা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন নয়, বাড়ছে নিরাপত্তা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই নির্বাচন কমিশনের। তবে জাতীয় নির্বাচনের তুলনায় প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উপনির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সানাউল্লাহ বলেন, নির্বাচনের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত ভালো রয়েছে। আগামী ২৯ অক্টোবর অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে কমিশন আশাবাদী। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন ও ফুটেজ সংরক্ষণ করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রয়েছে।

নির্বাচনী অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, অভিযোগ তদন্ত ও নিষ্পত্তিতে ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি কাজ করছে। মাঠপর্যায়ে বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। এ পর্যন্ত পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে, বাকি দুটি তদন্তাধীন।

নির্বাচন কমিশনার আশা প্রকাশ করেন, ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং নির্বাচন শেষে ঠাকুরগাঁওবাসী একটি নিরপেক্ষ নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে সন্তুষ্ট থাকবেন।

মতবিনিময় সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।