মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জলসিঁড়ি আবাসন প্রকল্পে অবস্থিত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাসের চাকায় পিষ্ট হয়ে শাহরিয়ার শায়ন (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে বিদ্যালয় ছুটির পর এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার শায়ন ঢাকার খিলক্ষেতের বটতলা এলাকার বাসিন্দা সাজু আহমেদের ছেলে। সে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির ‘সি’ শাখার শিক্ষার্থী ছিল।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির পর বাড়ি ফেরার উদ্দেশ্যে স্কুলবাসে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে যায় শাহরিয়ার শায়ন। এ সময় বাসটি চলতে শুরু করলে সে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এদিকে, নিহত শিক্ষার্থী শাহরিয়ার শায়নের আত্মার মাগফিরাত কামনায় আজ ১৪ অক্টোবর বুধবার সকালে বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে দোয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

