এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
মানবিকতা, দায়িত্ববোধ ও সম্মিলিত প্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। পরিবার থেকে হারিয়ে যাওয়া চার বছর বয়সী শিশু আবদুল্লাহকে দীর্ঘ চার ঘণ্টার প্রচেষ্টায় খুঁজে বের করে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
জানা যায়, গতকাল সোমবার সকাল ৭টায় আবদুল্লাহ বাসা থেকে নিখোঁজ হয়। সকাল ১০টার দিকে গাবতলা মোড় এলাকায় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে সে আহত হয়। এ সময় অটোরিকশাচালক মানবিক দায়িত্ববোধ থেকে শিশুটিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
চিকিৎসা শেষে শিশুটিকে নিয়ে এলাকায় ফিরে পরিবারের সন্ধান করতে থাকেন তিনি। কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেও পরিবারের সন্ধান না পেয়ে শিশুটিকে সঙ্গে নিয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন এর সরকারি বাসভবনে উপস্থিত হন।
বিষয়টি জানার পর নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন তাৎক্ষণিকভাবে শিশুটির পরিবারের সন্ধানে উদ্যোগ নেন। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় দীর্ঘ চার ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে কুতুবপুর ইউনিয়নের লালখান এলাকায় শিশুটির পরিবারের সন্ধান পাওয়া যায়। পরে ইউএনও নিজ উদ্যোগে আবদুল্লাহকে তার পরিবারের হাতে তুলে দেন।
এ সময় শিশুটির প্রয়োজনীয় চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও শুকনো খাবার প্রদান করা হয়। একই সঙ্গে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা করানো এবং পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করায় অটোরিকশাচালককেও সম্মানী প্রদান করা হয়।
শিশুটিকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা জানান, প্রশাসনের আন্তরিক উদ্যোগ, জনপ্রতিনিধিদের সহযোগিতা এবং একজন সাধারণ অটোরিকশাচালকের মানবিক দায়িত্ববোধ একসাথে মিলেই এই শিশুটি তার পরিবারের কোলে ফিরতে পেরেছে।

