বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১৩, ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ১৩, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ

ট্রাম্পের সম্ভাব্য বৈঠকের আগে সামরিক শক্তি প্রদর্শনে উত্তর কোরিয়া

ট্রাম্পের সম্ভাব্য বৈঠকের আগে সামরিক শক্তি প্রদর্শনে উত্তর কোরিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য এশিয়া সফর এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক নিয়ে আলোচনার মধ্যেই সামরিক সক্ষমতা তুলে ধরছে পিয়ংইয়ং। এর অংশ হিসেবে নতুন সামরিক জাদুঘর উদ্বোধনের পরপরই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, কিম জং উন ‘ডিফেন্স রেভোলিউশন মিউজিয়াম’ নামে একটি সামরিক জাদুঘর উদ্বোধন করেছেন। গত রোববারের উদ্বোধনী অনুষ্ঠানে স্ত্রী রি সোল জু ও মেয়ে জু অ্যেকে নিয়ে তিনি জাদুঘরের বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন।

জাদুঘরে কিমের শাসনামলে তৈরি আধুনিক ড্রোনসহ ‘হওয়াসং-২০’ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডসহ বিশ্বের দূরবর্তী বিভিন্ন অঞ্চলে আঘাত হানতে সক্ষম। এতে একাধিক পারমাণবিক ওয়ারহেড বহনের সক্ষমতার ইঙ্গিতও রয়েছে।

প্রতিরক্ষা বিশ্লেষক শিন জং-উ মনে করেন, সম্ভাব্য উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকের আগে সামরিক অর্জন তুলে ধরে আলোচনায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে পিয়ংইয়ং। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনকে নিজেদের সামরিক সক্ষমতার বার্তাও দিচ্ছে দেশটি।

সিউলের কিউংনাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিম উল-চুলের মতে, সামরিক সরঞ্জামের স্থায়ী প্রদর্শনীর মাধ্যমে কিম তার শাসনামলের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির অর্জনকে ঐতিহাসিক সাফল্য হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন।

জাদুঘর উদ্বোধনের পরদিন সোমবার পূর্ব সাগরে একাধিক কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানানো হয়েছে। সিউলের সাম্প্রতিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এক মাসের মধ্যে এটি পিয়ংইয়ংয়ের চতুর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

সূত্র: রয়টার্স