বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১৩, ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ১৩, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ

মালয়েশিয়ায় অভিযানে ১৯৯ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অভিযানে ১৯৯ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার কেদাহ রাজ্যের কুলিম এলাকার পাদাং মেহায় নির্মাণাধীন একটি ভবনে অভিযান চালিয়ে ১৯৯ বাংলাদেশিসহ ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে ‘অপস মেগা’ নামের এ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার কেদাহ রাজ্যের অভিবাসন বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে পরিচালিত অভিযানে অভিবাসন বিভাগের কেন্দ্রীয় কার্যালয়সহ পাঁচটি রাজ্য ও অঞ্চলের ১৫৯ জন কর্মকর্তা অংশ নেন। এ সময় মোট ৬৯৭ জনের কাগজপত্র যাচাই করা হয়। তাদের মধ্যে ১৮ থেকে ৫০ বছর বয়সী ৬৩০ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৬২২ জন পুরুষ ও আটজন নারী।

আটকদের মধ্যে চীনের নাগরিক ৩৯৬ জন, বাংলাদেশি ১৯৯ জন, পাকিস্তানি ১০ জন, মিয়ানমারের সাতজন, ভারতীয় পাঁচজন, ঘানার চারজন, নাইজেরিয়ার তিনজন, কেনিয়ার দুজন, ইন্দোনেশিয়ার দুজন নারী, নিউজিল্যান্ডের একজন এবং সেনেগালের একজন পুরুষ রয়েছেন।

অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে জারি করা হয়েছে ছয়টি সমন।

অভিযান চলাকালে কয়েকজন পালানোর চেষ্টা করেন। কেউ ঝুঁকিপূর্ণ স্থানে লুকিয়ে পড়েন, আবার কেউ নির্মাণাধীন ভবনের ছাদে উঠে যান। কয়েকজনের উসকানিমূলক আচরণে কর্মকর্তাদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে, বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বৈধ ভ্রমণ নথি ও অনুমোদিত ওয়ার্ক পারমিট নিশ্চিত করতে নিয়োগকর্তা, প্রধান ঠিকাদার ও উপঠিকাদারদের সতর্ক করেছে অভিবাসন বিভাগ। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।