বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১৩, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ১৩, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ

মাধবদীতে পরকীয়া নিয়ে বিরোধ, স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মাধবদীতে পরকীয়া নিয়ে বিরোধ, স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নরসিংদীর মাধবদীতে পারিবারিক কলহের জেরে রেহানা বেগম (৩৮) নামে এক নারীকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী জসিম উদ্দিনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৬টার দিকে নরসিংদী সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের হামটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেহানা বেগম ও জসিম উদ্দিন দম্পতির দুই মেয়ে রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, জসিম উদ্দিনের সঙ্গে অন্য এক নারীর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এ ছাড়া সংসারের খরচ চালানো নিয়েও তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। জসিম একটি টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

মঙ্গলবার সকালে তাঁদের দুই মেয়ে মক্তবে চলে যাওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে আবারও ঝগড়া বাধে। একপর্যায়ে জসিম তাঁর স্ত্রী রেহানার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।