বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১৩, ২০২৬, ৫:২১ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ১২, ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ

‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’

‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’

ভারতীয় টেলিভিশন অভিনেত্রী নীতি টেলর অভিযোগ করেছেন, দক্ষিণি সিনেমায় কাজের সুযোগ দেওয়ার কথা বলে তার কাছে শারীরিক সম্পর্কের শর্ত দিয়েছিলেন এক পরিচালক। একই সঙ্গে সাবেক প্রেমিকের হাতে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা জানান এই অভিনেত্রী। নীতি বলেন, দক্ষিণি সিনেমায় কাজ করার সময় তার অভিনীত ছবির সংখ্যা ছিল মাত্র দুটি। সে সময় প্রথম ছবির পরিচালক তাকে নতুন একটি সিনেমায় কাজের প্রস্তাব দেন। তবে ফোনে ওই পরিচালক জানান, চরিত্রটি পেতে হলে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে।

এমন প্রস্তাবে হতবাক হয়ে ফোন কেটে দেন নীতি। পরে পরিচালকের নম্বর ব্লক করে মাকে পুরো ঘটনা জানান তিনি। ওই পরিচালককে বয়স্ক ব্যক্তি উল্লেখ করে অভিনেত্রী বলেন, অন্য নারীদের সঙ্গে তাকে দেখলেও কখনো ভাবেননি যে তিনি এমন প্রস্তাব দেবেন।

কর্মজীবনের এই অভিজ্ঞতার পাশাপাশি সাবেক প্রেমিকের নির্যাতনের কথাও তুলে ধরেন নীতি। তার অভিযোগ, ওই সম্পর্কে থাকাকালে তিনি মানসিক নির্যাতনের পাশাপাশি শারীরিক সহিংসতার শিকার হন। একপর্যায়ে সাবেক প্রেমিক সিগারেট দিয়ে তার শরীর পুড়িয়ে দেন এবং তাকে চড় মারেন।

সেই ঘটনার স্মৃতিচারণা করে নীতি জানান, সাবেক প্রেমিকের জন্মদিনের এক রাতে তিনি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চড় মারেন। ওই ঘটনার পরই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন তিনি।

দীর্ঘদিন পর অতীতের এসব অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন নীতি টেলর। তার বক্তব্যের মধ্য দিয়ে বিনোদনজগতে কাজের সুযোগের আড়ালে অনৈতিক প্রস্তাব এবং ব্যক্তিগত সম্পর্কে নির্যাতনের বিষয়গুলো আবারও আলোচনায় এসেছে।