লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটে জেলা প্রশাসকের আয়োজনে ‘আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসকের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি। এ সময় লালমনিরহাটের জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, তরুণ প্রজন্মকে মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে এবং মানসিক প্রশান্তি বজায় রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, তরুণদের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা এবং মাদকাসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। একই সঙ্গে সমাজ থেকে অপরাধ নির্মূলে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
মন্ত্রী তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে এবং তারা ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি আগ্রহী হয়ে উঠবে।

