বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১১, ২০২৬, ১:২৬ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ১১, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে নিখোঁজের ১৩ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

ফটিকছড়িতে নিখোঁজের ১৩ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রতিনিধি:

চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা গ্রামে নিখোঁজের ১৩ ঘণ্টা পর হালিমা আক্তার (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাতে প্রতিবেশীর ঘরের আলনার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত হালিমা ওই গ্রামের কৃষক নাছির উদ্দিন ও রাশেদা আক্তার দম্পতির মেয়ে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ভূজপুর থানায় হত্যা মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে হালিমা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা আশপাশের এলাকা ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে মসজিদের মাইকে নিখোঁজের ঘোষণা দেওয়া হয়। একপর্যায়ে বিকেল ৫টার দিকে পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।

খবর পেয়ে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করেন। পরে প্রতিবেশী আবদুল আউয়ালের (৬৫) ঘরের আলনার নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবদুল আউয়াল, তার স্ত্রী আসমা বেগম (৫৫) ও ছেলে রবিউলকে (১৬) গ্রেপ্তার করা হয়েছে।

শিশুটির মা রাশেদা আক্তার অভিযোগ করেন, তার মেয়েকে নির্যাতনের পর হত্যা করে প্রতিবেশীর ঘরের আলনার নিচে লুকিয়ে রাখা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন।

শিশুটির বাবা নাছির উদ্দিন জানান, জায়গাজমি নিয়ে প্রতিবেশী আবদুল আউয়ালের পরিবারের সঙ্গে তাদের বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরে তার মেয়েকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই বাড়ির গৃহকর্তাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, শিশুটির মাথা ও কপালে হালকা আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে শ্বাসরোধ করে হত্যার ধারণা করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।