রাজধানী ঢাকায় অটোরিকশার বেপরোয়া চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিতর্কিত মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তাঁর দাবি, আওয়ামী লীগের পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নির্বাচনে ছয়টি আসন পাওয়া একটি রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের সমালোচনা করে চিফ হুইপ বলেন, তাঁরা অনেক সময় অশ্লীল বক্তব্য দেন। ৫ তারিখের পর থেকে এ ধরনের বক্তব্য শুনতে হচ্ছে উল্লেখ করে তিনি সবাইকে অশ্লীলতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।
সরকার গঠনের পাঁচ-ছয় মাসের মধ্যে বিরোধী দলের লংমার্চ আয়োজনেরও সমালোচনা করেন নূরুল ইসলাম মনি। তিনি বলেন, দেশ যখনই সংকটে পড়েছে, তখনই অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছে। প্রতিবারই বিএনপি সংকট থেকে দেশকে টেনে তুলেছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিদ্যুৎ ও গ্যাসসংকটের জন্য শেখ হাসিনার সরকারকে দায়ী করে চিফ হুইপ বলেন, বর্তমান সরকার এ সংকট মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ ছাড়া গত দুই বছর হামের টিকা দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, যথাযথভাবে হামের টিকা না দেওয়ার খেসারত বর্তমান সরকারকে দিতে হচ্ছে।

