আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে সারাদেশে আগাম নিরাপত্তামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা নির্মাণস্থান, পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করছেন আনসার-ভিডিপির সদস্যরা।
মাঠপর্যায়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, মন্দির কর্তৃপক্ষ ও প্রতিমা নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করছেন বাহিনীর সদস্যরা। এ সময় প্রতিমার নিরাপত্তা, পূজাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংশ্লিষ্টদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করা হচ্ছে।
বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় জেলা ও উপজেলা পর্যায়ে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যরা এসব কার্যক্রম পরিচালনা করছেন।
পরিদর্শনকালে পূজামণ্ডপের নিরাপত্তা, প্রবেশ ও বহির্গমন ব্যবস্থা, আলোকসজ্জা এবং অগ্নিনিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পূজাকালীন দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের আবাসন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটিগুলোর প্রতি আহ্বান জানানো হচ্ছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বিত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করা হচ্ছে।
শারদীয় দুর্গাপূজা ঘিরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন পূজামণ্ডপে আনসার-ভিডিপির সদস্যদের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপদ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে বাহিনীর আগাম প্রস্তুতি ও মাঠপর্যায়ের তৎপরতা অব্যাহত রয়েছে।

