বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ৮, ২০২৬, ১:১৭ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ৭, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ

ক্যাম্পাসকে জাহান্নাম বানিয়েছিল ছাত্রলীগ, তারই জেরক্স কপি ছাত্রদল: শিবির সভাপতি

ক্যাম্পাসকে জাহান্নাম বানিয়েছিল ছাত্রলীগ, তারই জেরক্স কপি ছাত্রদল: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করে বলেছেন, অতীতে ছাত্রলীগ ক্যাম্পাসগুলোকে ‘জাহান্নাম’ বানিয়ে রেখেছিল। বর্তমান সরকার ও তাদের ছাত্রসংগঠন ছাত্রদল আওয়ামী লীগের ‘জেরক্স কপি’তে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী ও নিপীড়নবিরোধী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত আলোচনা সভা ও চিত্রপ্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকাল ৯টা থেকে মধুর ক্যান্টিনে শুরু হয় চিত্রপ্রদর্শনী। এতে বিভিন্ন সময়ে ক্যাম্পাসে সংঘটিত নিপীড়ন, নির্যাতন ও সহিংসতার ঘটনা চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। পরে বিকেল ৩টায় একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম বুয়েটে নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আবরার ফাহাদের বক্তব্য ছিল সবার কথা। তার সেই প্রতিবাদের স্ফুলিঙ্গ পাঁচ বছর পর বড় আকার ধারণ করে। তার ভাষ্য, এর ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয়ে তাকে দিল্লিতে যেতে হয়েছে।

সিরাজুল ইসলাম বলেন, সমালোচনা মানেই শত্রুতা নয়। বর্তমান ক্ষমতাসীনদের বিষয়টি বুঝতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আবু সাদিক কায়েম বলেন, ডাকসুর সবচেয়ে বড় সফলতা হলো ক্যাম্পাসকে সহিংসতামুক্ত রাখা। এই মধুর ক্যান্টিনেই দীর্ঘদিন শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আবরার ফাহাদ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন দাবি করে আবু সাদিক কায়েম বলেন, একই ধারায় মেজর জিয়া, খালেদা জিয়া, শহীদ ওসমান হাদীসহ জুলাই আন্দোলনকারীরাও কথা বলেছেন। নতুন বাংলাদেশে কারা শত্রু এবং কারা মিত্র, তা বুঝতে হবে বলেও মন্তব্য করেন তিনি।