দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। জাতীয় দলের জার্সিতে তার বিদায়ের মুহূর্তে সাবেক সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু নেইমার জুনিয়রও আবেগঘন বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় মেসির দীর্ঘ ক্যারিয়ার ও ফুটবলে তার অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান ব্রাজিলিয়ান এই সুপারস্টার। বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) একসঙ্গে খেলার সুবাদে মেসি-নেইমারের সম্পর্ক শুধু মাঠের মধ্যে সীমাবদ্ধ ছিল না, গড়ে উঠেছিল গভীর বন্ধুত্বও।
মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে নেইমার লিখেছেন, ‘যারা ফুটবলকে ভালোবাসে, তারা এত বছর ধরে তোমার খেলা উপভোগ করেছে।’
মেসির জাতীয় দলের হয়ে শেষ ম্যাচের আগে তাকে উদ্দেশ করে নেইমার আরও বলেন, ‘আশা করি, প্রতিটি মুহূর্ত তুমি প্রাণভরে উপভোগ করবে। আজকের প্রাপ্ত সব সম্মাননা যেন তোমাকে আনন্দ দেয়। শুধু আর্জেন্টিনা নয়, ফুটবলের জন্য যা করেছ, তার জন্য গোটা বিশ্ব তোমার কাছে কৃতজ্ঞ।’
বন্ধুর বিদায়ে আবেগাপ্লুত নেইমার আরও লেখেন, ‘আমাকে ফুটবলকে নতুন করে ভালোবাসতে শেখানোর জন্য ধন্যবাদ। তোমার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা যেমন সম্মানের ছিল, তার চেয়েও বড় সম্মানের ছিল তোমার পাশে খেলে ইতিহাসের অংশ হতে পারা। ধন্যবাদ, লিও মেসি।’
২০০৫ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর আর্জেন্টিনার হয়ে মেসি খেলেছেন ২০৭টি ম্যাচ। এ সময়ে করেছেন ১২৫ গোল। তার নেতৃত্বে আর্জেন্টিনা জিতেছে বহুল কাঙ্ক্ষিত বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমার শিরোপা।

