দেশে আবারও জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৭ টাকা ৬ পয়সা বাড়ানো হয়েছে। এতে দাম বেড়েছে প্রায় ১০ দশমিক ৩০ শতাংশ।
বুধবার (৭ অক্টোবর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭ অক্টোবর দিনগত রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।
নতুন নির্ধারিত দামে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য (শুল্ক ও মূসকসহ) নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা। সেপ্টেম্বরে এই দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে উল্লেখিত মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জেট ফুয়েলের দামও বাড়ানো হয়েছে। শুল্ক ও মূসকমুক্ত প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার করা হয়েছে।
বিইআরসির এ সিদ্ধান্তের ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইট পরিচালনায় জ্বালানি ব্যয় বাড়বে। এর প্রভাব বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয় ও যাত্রীভাড়ায় পড়তে পারে।

