বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি নির্বাচিত সরকারকে বিপাকে ফেলে দেশকে অস্থিতিশীল করতে ‘পতিত দোসররা’ নানা তৎপরতা চালাচ্ছে। এসব কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ডেঙ্গু মোকাবিলায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আগে থেকে সচেতন হলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য বাসাবাড়ির আশপাশে জমে থাকা ও পচা পানি দ্রুত পরিষ্কার করার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখার নির্দেশনা দিয়েছেন, যাতে ডেঙ্গুর প্রজননস্থল তৈরি না হয়। পাশাপাশি ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিএনপির এই নেতা বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে সরকার প্রশ্রয় দেবে না।
এ সময় পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে, তা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী।

