বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ৮, ২০২৬, ১:১৭ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ৭, ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ

ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশি হাইকমিশনারের বৈঠক, প্রতিরক্ষা সহযোগিতায় গুরুত্ব

ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশি হাইকমিশনারের বৈঠক, প্রতিরক্ষা সহযোগিতায় গুরুত্ব

দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতা ও প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করতে ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, আলোচনায় বাংলাদেশ ও ভারতের সামগ্রিক দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ এবং দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক গুরুত্ব পেয়েছে।

জেনারেল ধীরাজ শেঠ গত ৩০ জুন ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি দেশটির উপ-সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন।

এর আগে সোমবার ঢাকা থেকে আকস্মিকভাবে নয়াদিল্লি যান হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সেখানে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তিনি বৈঠক করেন। একই দিনে প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে তার পৃথক বৈঠককে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে কেন্দ্র করে ঢাকার প্রস্তুতি, অবস্থান ও দৃষ্টিভঙ্গি ভারতের শীর্ষ নেতৃত্বকে জানাতেই হাইকমিশনারের এই বিশেষ দিল্লি সফর। পাশাপাশি দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কমানো এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অমীমাংসিত বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক কিংবা ভারতের সেনাপ্রধানের সঙ্গে অনুষ্ঠিত আলোচনার বিস্তারিত বিষয়ে এখনো বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো আনুষ্ঠানিক যৌথ বিবৃতি দেওয়া হয়নি।

তবে বর্তমান আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশ-ভারতের নিরাপত্তা অংশীদারত্বের প্রেক্ষাপটে এসব বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।