বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ৮, ২০২৬, ১:১৭ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ৭, ২০২৬, ১:২২ অপরাহ্ণ

সৌদিতে দক্ষ বিদেশি কর্মীদের পরিবার নেওয়ার প্রক্রিয়া সহজ

সৌদিতে দক্ষ বিদেশি কর্মীদের পরিবার নেওয়ার প্রক্রিয়া সহজ
প্রতীকী ছবি

অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের জন্য পরিবার নিয়ে সৌদি আরবে যাওয়ার প্রক্রিয়া সহজ করেছে দেশটির সরকার। নতুন নিয়মে কর্মীর ওয়ার্ক ভিসার প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার আগেই যোগ্য পরিবারের সদস্যদের জন্য প্রবেশ ভিসার আবেদন করা যাবে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সমন্বয়ে নতুন এ ব্যবস্থা চালু করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, যোগ্য বিদেশি কর্মীরা তাদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েসন্তানকে সৌদি আরবে নিতে পারবেন। কর্মীর ওয়ার্ক ভিসার প্রক্রিয়া চলাকালীনই পরিবারের সদস্যদের প্রবেশ ভিসা দেওয়া হতে পারে।

আগের মতো কর্মীর নিজের ওয়ার্ক ভিসা পুরোপুরি সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। তবে পরিবারের সদস্যদের ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবারের সদস্যরা সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির প্রচলিত আইন ও বিধি অনুযায়ী তাদের রেসিডেন্স পারমিট দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

সরকারের এই উদ্যোগের লক্ষ্য সৌদি আরবে বসবাসরত মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং দক্ষ বিদেশি কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ করা।