বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে তা স্থিতিশীল পর্যায়ে এলে দেশের বাজারেও তেলের দাম কমানোর বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, বিশ্ববাজারে তেলের দাম বর্তমানে কিছুটা কমেছে। তবে এ পতন কতটা টেকসই হবে, তা এখনই বলা কঠিন। কারণ, ভূরাজনৈতিক পরিস্থিতি এখনও অস্থিতিশীল। কম দামে তেলের বাজার স্থিতিশীল হলে সরকার অবশ্যই দেশের বাজারে দাম সমন্বয়ের বিষয়টি বিবেচনা করবে।
তিনি বলেন, এর আগেও বিশ্ববাজারে তেলের দাম কমার পর কয়েক দিনের মধ্যেই আবার বেড়ে ১০৬-১০৭ ডলারে উঠেছিল। ফলে সাময়িক দরপতনের ভিত্তিতে দেশের বাজারে তাৎক্ষণিকভাবে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া কঠিন।
বর্তমান দরপতনের পেছনে ইউরোপীয় দেশগুলোর কৌশলগত মজুত থেকে তেল বাজারে ছাড়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বড় পরিমাণ তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। এর প্রভাবেই বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও পুরোপুরি স্থিতিশীল হয়নি। সেখানে সামরিক উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা রয়েছে। তাই বর্তমান বাজারদরকে দীর্ঘমেয়াদি স্থিতিশীল দাম হিসেবে বিবেচনা করা যাচ্ছে না।
জ্বালানি তেলের দাম ও মূল্যস্ফীতির মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, জ্বালানির দাম বাড়লে মূল্যস্ফীতির চাপ বাড়ে। একই সঙ্গে বিনিয়োগ কমে কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিষয়টি সরকারও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
সংবাদ সম্মেলনে তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, সরকার প্রকল্পটি বাস্তবায়নে আগ্রহী। তবে এর অর্থায়ন বাংলাদেশ, চীন নাকি অন্য কোনো দেশ করবে, তা এখনও চূড়ান্ত হয়নি। প্রকল্পে নদীশাসন, ভাঙন রোধ, ভূমি পুনরুদ্ধারের পাশাপাশি বর্ষার পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহারের বিষয়টিও যুক্ত করার সম্ভাবনা যাচাই করা হচ্ছে।
চীনের সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, প্রকল্পের কারিগরি বিষয়গুলোতে চীনের সহযোগিতা নিয়ে সমঝোতার মতো একটি অবস্থান তৈরি হয়েছে। তবে প্রকল্পটি শেষ পর্যন্ত কীভাবে ও কাদের মাধ্যমে বাস্তবায়ন হবে, সে সিদ্ধান্ত এখনও হয়নি।
সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা বহাল থাকবে জানিয়ে তিনি বলেন, দ্বীপটির প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটনের চাপ নিয়ন্ত্রণ করা জরুরি।
এ ছাড়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জাহেদ উর রহমান।

