প্রতিনিধি :
ছেলে জয় ঢালীকে জবাই করে হত্যার ৫১ দিনের মাথায় পর বাবা আক্তার ঢালীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনার রূপসা উপজেলার দুর্জনীমহল শহীদের মোড় ঢালী বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর পর এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত আক্তার ঢালী ওই এলাকার মতলব ঢালীর ছেলে। গত ১৫ আগস্ট রাতে ছেলে জয় ঢালীকে জবাই করে হত্যা মামলার বাদী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সোমবার সন্ধ্যার দিকে আক্তার ঢালীসহ আরও কয়েকজন বৃদ্ধ বাড়ির পাশে কাঠের তৈরি বেঞ্চ বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৩-৪টা মোটরসাইকেলযোগে ৭-৮ জন ব্যক্তি হেলমেট পরিহিত অবস্থায় খুব কাছ থেকে হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে।
গুলি তার ডান কান ভেদ করে বিপরীত দিক থেকে বের হয়ে যায়। এরপর স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য তারা পর পর আরও তিন রাউন্ড গুলি করে। তখন উপস্থিতরা দ্বিগ্বিদিক হয়ে ছুটাছুটি করতে থাকে। দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে লাশ প্রেরণ করা হয়।
স্থানীয় একটি সূত্র আরও জানায়, চলতি বছরের ১৫ আগস্ট রাতে শহীদের মোড়ে জয় ঢালীকে জবাই ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জয় ঢালীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের ৫১ দিনের মাথায় বাড়ির পাশে তার বাবাকে গুলি করে হত্যা করল দুর্বৃত্তরা।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনার পর থেকে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে কেউ বের হচ্ছেন না।
জানতে চাইলে খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, হত্যাকাণ্ড সম্পর্কে আমাদের কাছে বিভিন্ন ধরনের তথ্য-উপাত্ত আসছে। সেগুলো বিচার-বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
এদিকে গত ১৫ আগস্ট জয় ঢালীকে হত্যার পর পুলিশ তাকে ‘বি’ কোম্পানীর সদস্য হিসেবে বললেও আজ সোমবার ছাত্রদলের এক বিবৃতিতে তাকে ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে দাবি করেছে।
ছাত্রদলের রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও জেলা যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আলী সুজন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে- মৃতঃ মোঃ জয় ঢালী জাতীয়তাবাদী ছাত্রদল রূপসা উত্তর উপজেলা শাখার সক্রিয় কর্মী ছিল, গত ১৫ই আগস্ট আনুমানিক রাত ৮,২০ মিনিটের সময় তার বাড়ির পাশে শহীদের মোড়ে চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী দ্বারা হত্যার শিকার হয়েছেন।
বিগত স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে তার ভূমিকা ছিল অপরিসীম, খুলনার রাজপথে আন্দোলন সংগ্রামের সে ছিল সাহসী বীর, মামলা হামলা পুলিশের বুলেটের সামনে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছে ছাত্রদল রূপসা উত্তর উপজেলা শাখার অধীনে থেকে, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকবার পুলিশের নির্যাতনের শিকার হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে,৬/১২/২০২৩ বিশেষ ক্ষমতা আইনে যার মামলার নাম্বার রূপসা জিআর-২৪৬/২৩ এই মামলার ২৬ নং আসামী হয়ে ২৫ দিন জেল হাজতে ছিল। একই মামলায় তার পিতা মোঃ আক্তার ঢালি (৩০নং আসামী) ২৫ দিন জেল হাজতে ছিলো।
তার বড় ভাই মোঃ লিটু ঢালী (২৯নং আসামী) একই মামলার আসামী, জয় ঢালী একজন জাতীয়তাবাদের আদর্শের সৈনিক ছিলেন এমনকি তার পরিবারের সদস্যরা জাতীয়তাবাদের আদর্শে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সংগ্রাম করেছে এবং তারা অনেক নির্যাতনের শিকার হয়েছে। মৃতঃ মোঃ জয় ঢালী এবং তার পরিবার বিএনপির আদর্শের পরিবার, চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী দ্বারা জয় ঢালী হত্যা শিকার হয়েছে,অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহবান করছি।

