বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ৫, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ৫, ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ

জ্ঞানেশ কুমার পদে থাকলে নির্বাচনে অংশ নেওয়া অর্থহীন: দীপকে

জ্ঞানেশ কুমার পদে থাকলে নির্বাচনে অংশ নেওয়া অর্থহীন: দীপকে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ফাইল ছবি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার পদে বহাল থাকলে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার কোনো অর্থ নেই বলে মন্তব্য করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর অভিযোগ, জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কতটা অবাধ ও সুষ্ঠু হবে, তা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। এমনকি নির্বাচনের ফলাফল আগেই নির্ধারিত হয়ে থাকতে পারে বলেও দাবি করেন তিনি।

মহারাষ্ট্রের পুণেতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সোমবার সাংবাদিকদের এসব কথা বলেন দীপকে। মহারাষ্ট্র লোকসেবা কমিশনের (এমপিএসসি) বিভিন্ন পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে চাকরিপ্রার্থীরা সেখানে আন্দোলন করছেন।

দীপকে বলেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত এবং দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না হওয়া পর্যন্ত এমন নির্বাচনে অংশ নেওয়া অর্থহীন। তাঁর দাবি, বর্তমান পরিস্থিতিতে ভোটের ফলাফল নিয়ে আগেই একটি ধারণা তৈরি হয়ে যায় এবং কে বিজয়ী হবেন, সেটিও আগে থেকে নির্ধারিত থাকতে পারে।

ভারতের কয়েকটি রাজ্যে বিজেপির জয় নিয়েও প্রশ্ন তোলেন দীপকে। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা সর্বোচ্চ পর্যায়ে থাকার সময়ও যেসব রাজ্যে বিজেপি জয় পায়নি, সেসব রাজ্যে পরবর্তী সময়ে দলটির জয় নিয়ে প্রশ্ন রয়েছে।

এদিকে পুণেতে চলমান এমপিএসসি চাকরিপ্রার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন দীপকে। আন্দোলনকারীদের অভিযোগ, কমিশনের বিভিন্ন পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিপুলসংখ্যক পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁরা এ বিষয়ে মহারাষ্ট্র সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা রোহিত পাওয়ারের প্রতিও সমর্থন জানিয়েছেন দীপকে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এমপিএসসির সব পরীক্ষার্থী এবং তাঁদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্বদানকারীদের পাশে রয়েছেন তিনি। তাঁর দাবি, বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ২০ লাখের বেশি পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আন্দোলনকারীরা এমপিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ভারতের বিরোধী রাজনৈতিক দল ও বিভিন্ন নাগরিক সংগঠনের একাংশ আগে থেকেই প্রশ্ন তুলছে। বিশেষ করে ভোটার তালিকা সংশোধন ও নির্বাচন পরিচালনার পদ্ধতি নিয়ে বিতর্ক রয়েছে। এর মধ্যেই দীপকের সরাসরি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে।

তবে দীপকের এসব অভিযোগ ও মন্তব্যের বিষয়ে নির্বাচন কমিশন বা বিজেপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।