ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলো পুনরুদ্ধারে সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে ১ হাজার ১২২টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি সামরিক বাহিনী। সোমবার (৫ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, রকেট, কামান ও স্নাইপার ব্যবহার করে এসব হামলা চালানো হয়।
তিনি বলেন, সাদাহ, আল-জওফ, তাইজ ও ইয়েমেনের উপকূলীয় এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে। হামলায় হুথিদের কামানের অবস্থান, রকেট লঞ্চার এবং কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়।
আল-নুজাইলির দাবি, এসব সামরিক অভিযানে প্রায় ১ হাজার ৭৪৭ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন। তবে যুদ্ধক্ষেত্রের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল জাজিরা।
সূত্র: আল জাজিরা

