প্রতিনিধি: দিল্লির শাসন কিংবা ভয় দেখিয়ে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, বাংলার মাটিতে তাদের কোনো স্থান হবে না। কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, ‘বাংলাদেশ আল্লাহর জমিন। দিল্লির ইশারায় যারা কাজ করছে, তারা শয়তানের দোসর।’ যাদের হেডকোয়ার্টার দিল্লিতে, তাদের দিল্লিতেই চলে যাওয়ার কথাও বলেন তিনি।
‘মওদুদী’ প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, মওদুদীকে ব্রিটিশরা তৈরি করেছিল এবং তিনি ভারতের দালাল ছিলেন। মুসলমানদের বিভক্ত করার লক্ষ্যেই তাকে তৈরি করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বশীলদের সমালোচনা করে মিনু অভিযোগ করেন, তারা ফ্যাসিস্ট সরকারের কাছে আত্মসমর্পণ করে গোপনে তাদের প্রতিষ্ঠিত করেছে এবং দেশের ভেতর থেকেই ক্ষতি করেছে। তাঁর দাবি, ১৯৯৬ সালের ষড়যন্ত্রের মতো আগামী ডিসেম্বরেও একই ধরনের চক্রান্তের পরিকল্পনা করা হচ্ছে।
আলেম-ওলামাদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ভূমিমন্ত্রী বলেন, ধর্মকে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা দায়িত্বে রয়েছেন, তাদের সরিয়ে ভবিষ্যতে ঈদগাহ, বড় মসজিদ ও ধর্মীয় অনুদানসংক্রান্ত দায়িত্ব আলেম-ওলামাদের হাতে তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী ওলামা দলের রাজশাহী জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

