হংকংয়ের মডেল ও ইনফ্লুয়েন্সার অ্যাবি চোই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে। আদালতে সরকারপক্ষের আইনজীবীরা অভিযোগ করেছেন, বিলাসবহুল একটি ফ্ল্যাটের মালিকানা নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয় ২৮ বছর বয়সী এই মডেলকে। হত্যার পর তার মরদেহ খণ্ডবিখণ্ড করে বিভিন্ন স্থানে সরিয়ে ফেলারও অভিযোগ উঠেছে।
বুধবার হংকংয়ের হাইকোর্টে বহুল আলোচিত মামলার শুনানি শুরু হয়। অ্যাবি চোই হত্যার অভিযোগে গ্রেপ্তার তার সাবেক শ্বশুর কাও কুয়াং, সাবেক স্বামী অ্যালেক্স কুয়াং এবং সাবেক দেবর অ্যান্থনি কুয়াং আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন। বিচারপ্রক্রিয়া প্রায় আট সপ্তাহ চলতে পারে বলে জানা গেছে।
প্রসিকিউটর শার্লট ড্রেকট এসসি আদালতে বলেন, হো মান তিনের কাদুড়িয়া আবাসিক এলাকায় অ্যাবির একটি বিলাসবহুল ফ্ল্যাটকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত। প্রায় ৭ কোটি ২০ লাখ হংকং ডলার মূল্যের ওই ফ্ল্যাটটি ২০১৯ সালে প্রায় ৬ কোটি হংকং ডলারে কিনেছিলেন অ্যাবি। পরে ২০২২ সালে তিনি সেটি বিক্রির উদ্যোগ নেন।
প্রসিকিউশনের দাবি, একাধিক সম্পত্তির ওপর অতিরিক্ত স্ট্যাম্প ডিউটি এড়াতে অ্যাবি ফ্ল্যাটটি কৌশলগতভাবে সাবেক শ্বশুর কাও কুয়াংয়ের নামে নিবন্ধন করেছিলেন। তবে পরবর্তীতে তাকে ওই ফ্ল্যাট থেকে সরিয়ে দেওয়া হলে বিষয়টি নিয়ে বিরোধ তীব্র হয়। এ বিরোধ থেকেই হত্যার পরিকল্পনা করা হয় বলে আদালতে অভিযোগ করা হয়েছে।
শুনানিতে অ্যাবির মাকে পাঠানো কিছু অডিও বার্তাও আদালতে শোনানো হয়। এসব বার্তায় সাবেক শ্বশুরবাড়ির সদস্যদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অ্যাবি। তিনি জানান, বিবাহবিচ্ছেদের পরও সাবেক স্বামীর পরিবারকে তিনি আর্থিকভাবে সহযোগিতা করে আসছিলেন।
প্রসিকিউটর জানান, হত্যাকাণ্ডের পরিকল্পনায় তিন আসামিরই ভূমিকা ছিল। নির্জন একটি ফ্ল্যাট ভাড়া করা এবং অ্যাবিকে সেখানে নিয়ে যাওয়ার পরিকল্পনাতেও তারা জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি নিখোঁজ হন অ্যাবি চোই। তিন দিন পর হংকংয়ের তাই পো এলাকার একটি ভাড়া করা ফ্ল্যাট থেকে তার দেহের বিভিন্ন অংশ উদ্ধার করে পুলিশ। ওই ফ্ল্যাট থেকে মাংস কাটার যন্ত্র, বৈদ্যুতিক করাত ও রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়। একটি বড় পাত্রে সবজির সঙ্গে তার মাথার খুলি এবং ফ্রিজ থেকে তার দুই পা উদ্ধার করা হয়েছিল বলে আদালতে জানানো হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মরদেহ খণ্ডবিখণ্ড করার সময় দেয়ালে রক্তের দাগ এড়াতে প্লাস্টিক বা ত্রিপল ব্যবহার করা হয়েছিল। ঘটনাস্থল থেকে অ্যাবির দেহের আরও কিছু অংশ উদ্ধারের চেষ্টা চালানো হয়।
অ্যাবি চোই অল্প বয়সেই অ্যালেক্স কুয়াংকে বিয়ে করেন। তাদের দুটি সন্তান ছিল। বিচ্ছেদের পরও সাবেক স্বামীর পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতেন তিনি। পরে দ্বিতীয় সঙ্গীর সঙ্গে তার আরও দুটি সন্তান হয়।
ফ্যাশন জগতের পরিচিত মুখ অ্যাবি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের ছবি ও আন্তর্জাতিক ফ্যাশন শোর বিভিন্ন মুহূর্ত প্রকাশ করতেন। মৃত্যুর কয়েক দিন আগেও তিনি প্যারিস ফ্যাশন উইকে ক্রিশ্চিয়ান ডিওরের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
মামলার বিচারকাজ হংকংয়ের হাইকোর্টে চলমান রয়েছে। শুক্রবার প্রসিকিউশনের পরবর্তী যুক্তি উপস্থাপনের কথা রয়েছে।
সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

