বাংলাদেশকে একটি শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সরকারি কার্ডের সমন্বয়ে দেশের প্রত্যেক নাগরিককে একটি ইউনিভার্সাল কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের জন্য আনন্দময় ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার। শিক্ষাকে শুধু সার্টিফিকেট অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের ইউনিফর্ম, মিড-ডে মিলসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, দেশের তরুণদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বাকস্বাধীনতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে সংলাপ, অংশীদারত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
ভূরাজনীতি, নিরাপত্তা, প্রযুক্তি, অর্থনীতি, জলবায়ু, মানবনিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসনসহ সমসাময়িক বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে সিজিএসের আয়োজনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’।
এবারের সম্মেলনে শতাধিক দেশের প্রায় ২০০ বক্তা, ৩০০-এর বেশি প্রতিনিধি এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারাসহ বিভিন্ন দেশের কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

