বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দপ্তরকে ‘ফ্যাসিবাদের পাহারাদার’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অনেক ত্যাগ ও কঠিন পরিস্থিতি পেরিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হলেও চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস এখনো বন্ধ হয়নি।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের একটি কমিউনিটি সেন্টারে এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োজিত মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা চেয়েছিলাম বাংলাদেশের পূর্ণাঙ্গ সংস্কার হোক। কিন্তু আপনারা বলেছিলেন, আগে নির্বাচন দিন, তাহলেই বাংলাদেশের সংস্কার হয়ে যাবে, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কিন্তু নির্বাচন হলেও বাস্তবে চাঁদাবাজি, দুর্নীতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে।’
আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে যদি চাঁদাবাজির টাকা, সন্ত্রাসের টাকা, দুর্নীতির টাকা এবং মাসল পাওয়ার বা টাকার খেলা দেখানোর চেষ্টা করা হয়, তাহলে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের শক্তিগুলো আবারও ঐক্যবদ্ধ হয়ে আপনাদের টুঁটি চেপে ধরতে বাধ্য হবে।’
তিনি আরও বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হলে নির্বাচনে অর্থ ও পেশিশক্তির প্রভাব বন্ধ করতে হবে।

