বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ৩, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ২, ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ

কড়া নিরাপত্তায় কলকাতায় ব্রাজিল, ভারতের বিপক্ষে ম্যাচ শনিবার

কড়া নিরাপত্তায় কলকাতায় ব্রাজিল, ভারতের বিপক্ষে ম্যাচ শনিবার
ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় পৌঁছেছে ব্রাজিল দল। ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় পৌঁছেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৯টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে কলকাতা বিমানবন্দরে নামে কার্লো আনচেলত্তির দল।

বিমানবন্দর থেকে ব্রাজিল দলকে বহন করতে প্রস্তুত ছিল সবুজ-হলুদ রঙে সাজানো দুটি বাস। ভিআইপি গেট দিয়ে দ্রুত বিমানবন্দর ছাড়ে ৯০ সদস্যের দলটি। তাদের চলাচলের পুরো পথে দর্শকদের দূরে রাখতে মোতায়েন ছিল বিপুলসংখ্যক পুলিশ সদস্য।

বিমানবন্দর থেকে মাত্র ১১ মিনিটে দুটি বাস ও পাঁচটি প্রাইভেট কার বেরিয়ে যায়। এরপর মাত্র ৮ মিনিটে দলটি পৌঁছে যায় নির্ধারিত হোটেলে। সেখানেও ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা।

হোটেলে ব্রাজিলের খেলোয়াড়দের একনজর দেখতে পান কয়েকজন সমর্থক। ক্যাপ পরা ভিনিসিয়ুস জুনিয়রকে দেখে লবিতে ভেসে আসে ‘ভিনি ভিনি’ স্লোগান। খেলোয়াড়দের পরনে ছিল জলপাই সবুজ হুডি, শর্টস ও হলুদ ক্যাপ। তবে চোটের কারণে দলের সঙ্গে নেই রাফিনিয়া।

শনিবার (৩ অক্টোবর) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচের আগে শুক্রবার (২ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলনে অংশ নেবেন কোচ কার্লো আনচেলত্তি। তার সঙ্গে থাকবেন ব্রাজিলের একজন ফুটবলার।

পরে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত যুবভারতীর মূল মাঠে অনুশীলন করবে ব্রাজিল দল। অনুশীলন শেষে হোটেলে ফিরে যাবে তারা। এর বাইরে শুক্রবার দলের আর কোনো কর্মসূচি নেই।