হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটি বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা হওয়ায় এবার দুর্গাপূজায় সরকারি ছুটি দাঁড়িয়েছে মোট পাঁচ দিনে।
এদিকে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষার্থীদের জন্যও দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ছুটির সময়সূচিতে পার্থক্য রয়েছে।
মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়: শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন সরকারি ছুটি। এর সঙ্গে ১৬ ও ১৭ অক্টোবর এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাবেন।
কলেজ ও উচ্চমাধ্যমিক স্তর: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ও পরে সাপ্তাহিক ছুটি যুক্ত হলে ছুটির মেয়াদ দাঁড়াবে মোট ১৬ দিন।
মাদ্রাসা: মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদ্রাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি থাকবে।
বিশ্ববিদ্যালয়: স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটির সময়সূচি নির্ধারণ করবে।
সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মচারীদের টানা ৭ দিনের ছুটি
দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুই দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। ১৮ অক্টোবর মহাসপ্তমী ও ১৯ অক্টোবর মহাষ্টমী উপলক্ষে এই ঐচ্ছিক ছুটির সুযোগ রয়েছে।
এর সঙ্গে ২০ থেকে ২২ অক্টোবরের ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে তারা ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিনের ছুটি ভোগ করতে পারবেন।
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ, জরুরি সেবা চালু
দুর্গাপূজার সরকারি ছুটির দিনগুলোতে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে গ্রাহকদের সুবিধার্থে এটিএম, অনলাইন ব্যাংকিংসহ প্রয়োজনীয় ডিজিটাল সেবা চালু থাকবে।
অন্যদিকে হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ ও গণমাধ্যমসহ জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা সাধারণ ছুটির আওতায় থাকবেন না। জনস্বার্থে এসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব পালন করতে হবে।

