ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
শুক্রবার (২ অক্টোবর) সকালে মাগুরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিতাই রায় চৌধুরী বলেন, ‘হাসিনা আসুক, এটা আমরা চাই। তাকে প্রত্যর্পণের জন্য লিখিতভাবে জানানো হয়েছে। তার দু-একটি মামলায় ফাঁসির রায় হয়েছে এবং আরও অনেক মামলা বিচারাধীন। তিনি দেশে এলে আইন তার নিজস্ব গতিতে চলবে।’
গত ১৮ বছর দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল দাবি করে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকার দেশের সবকিছু ধ্বংস করেছে এবং বিপুল অর্থ বিদেশে পাচার করেছে। নির্যাতনের পরও বিএনপির নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে যাননি। আওয়ামী লীগের নেতাকর্মীরা লুটপাটের টাকা নিয়ে ভারতে পালিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘বিএনপি কখনও পালায়নি, বিএনপি পালাবার দল নয়। বিএনপি রাজপথে প্রস্তুত আছে।’
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, মাগুরার জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক ও মাগুরা কমিউনিটি পুলিশের সভাপতি মো. আলী আহমেদ এবং মাগুরা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ অনেকে।

