বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ২, ২০২৬, ১:০৯ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ২, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ

মিটফোর্ডে সোহাগ হত্যা: প্রধান আসামি মহিনকে ৬ মাসের জামিন

মিটফোর্ডে সোহাগ হত্যা: প্রধান আসামি মহিনকে ৬ মাসের জামিন

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের হাইকোর্ট বেঞ্চ গত সোমবার মহিনের জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রকাশ্যে আসে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা শাজিয়া শারমিন জানান, মহিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।

তবে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, জামিনের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করবে।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের কাছে রজনী ঘোষ লেনে ৩৯ বছর বয়সী সোহাগকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ইট-পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

পরদিন সোহাগের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

চলতি বছরের ১২ জুলাই ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মামলায় ২১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

মহিনের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান।