মোহাম্মদ আসাদ, নিজস্ব প্রতিবেদক :
জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে খোরশেদ আলম (২৮) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত খোরশেদ আলম উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দাসপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় খোরশেদ আলমকে হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
ইউএনও মুরাদ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

