আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায় শেষের পথে। বিদায়ী ম্যাচের অপেক্ষায় থাকা এই মহাতারকার পরবর্তী যুগে জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো। নতুন নেতৃত্বের শুরুতেই বলিভিয়ার বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে লিওনেল স্কালোনির দল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে ঘরের মাঠ মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়াকে ৪-০ গোলে হারায় আর্জেন্টিনা। দলের হয়ে গোল করেন লাউতারো মার্তিনেজ, নিকো পাজ, অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো ও হোসে ম্যানুয়েল লোপেজ।
ম্যাচের শুরু থেকেই বলিভিয়ার ওপর চাপ তৈরি করে আর্জেন্টিনা। বল দখল ও আক্রমণে পুরো ম্যাচেই এগিয়ে ছিল স্বাগতিকরা। প্রায় ৬৯ শতাংশ বল নিজেদের দখলে রেখে প্রতিপক্ষের গোলমুখে ১৬টি শট নেয় তারা, যার ছয়টি ছিল লক্ষ্যে।
অন্যদিকে বলিভিয়া পুরো ম্যাচে মাত্র তিনটি শট নিতে পারে। এর কোনোটিই আর্জেন্টিনার গোলপোস্টে লক্ষ্যে ছিল না। ফলে নতুন নেতৃত্বের ম্যাচে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে স্কালোনির দল।

