বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১, ২০২৬, ২:২২ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ১, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ

এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি ফের স্থগিত করলেন মার্কিন ফেডারেল বিচারক

এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি ফের স্থগিত করলেন মার্কিন ফেডারেল বিচারক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নতুন এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি দ্বিতীয়বারের মতো স্থগিত করেছেন দেশটির এক ফেডারেল বিচারক। উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য নির্ধারিত এই ফি নিয়ে চলমান আইনি লড়াইয়ের মধ্যেই বুধবার এ আদেশ দেওয়া হয়।

ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডের মার্কিন জেলা জজ হেউড গিলিয়াম রায়ে বলেন, ফি কার্যকর করার আগে প্রয়োজনীয় নিয়ম প্রণয়নের প্রক্রিয়া অনুসরণ করেনি ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS) ও স্টেট ডিপার্টমেন্ট। ইউনিয়ন, নিয়োগকর্তা ও অলাভজনক প্রতিষ্ঠানের একটি জোটের করা আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এই আদেশ দেন। অক্টোবরে দায়ের করা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফি কার্যকরের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এর আগে জুনে বোস্টনের এক ফেডারেল বিচারক ২০টি অঙ্গরাজ্যের করা পৃথক মামলায় একই ফি সাময়িকভাবে স্থগিত করেন। জুলাইয়ে বোস্টনভিত্তিক একটি আপিল আদালতও সেই স্থগিতাদেশ বহাল রাখে।

এদিকে, গত আগস্টে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি প্রায় ১ লাখ ৩ হাজার ডলারের একটি স্থায়ী ফি চালুর উদ্যোগ নেয়। প্রস্তাবটি চূড়ান্ত হলে সেটিও আদালতে চ্যালেঞ্জ হতে পারে। তবে এই মামলার আইনি প্রশ্ন কিছুটা ভিন্ন। কারণ, ট্রাম্প প্রশাসনের আরোপ করা ১ লাখ ডলারের ফি নিয়ে চলমান মামলাগুলোতে মূলত প্রেসিডেন্ট এককভাবে এ ধরনের ফি নির্ধারণের ক্ষমতা রাখেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

১ লাখ ডলারের ফিটি প্রথমে ২১ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল। পরে ট্রাম্প এর মেয়াদ আরও এক বছর বাড়ান। হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে আদালতের নতুন আদেশ নিয়ে কোনো মন্তব্য করেনি।

মামলার বাদীদের প্রতিনিধিত্বকারী আইনজীবী সংগঠন ডেমোক্রেসি ফরোয়ার্ড এই রায়কে স্বাগত জানিয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যবসায়িক লবিং সংগঠন ইউএস চেম্বার অব কমার্সও ফি চ্যালেঞ্জ করে পৃথক মামলা করেছে এবং সংশ্লিষ্ট একটি রায়ের বিরুদ্ধে আপিল করেছে।

এইচ-১বি ভিসার মাধ্যমে মার্কিন নিয়োগকর্তারা প্রযুক্তিসহ বিভিন্ন বিশেষায়িত ক্ষেত্রে দক্ষ বিদেশি কর্মী নিয়োগ করতে পারেন। কর্মসূচিটির আওতায় বছরে ৬৫ হাজার ভিসা দেওয়া হয়। এর বাইরে উন্নত ডিগ্রিধারীদের জন্য আরও ২০ হাজার ভিসার ব্যবস্থা রয়েছে। এসব ভিসা সাধারণত তিন থেকে ছয় বছরের জন্য অনুমোদিত হয়।

ট্রাম্পের নতুন ফি কার্যকর হলে এইচ-১বি ভিসার খরচ আগের তুলনায় ব্যাপকভাবে বেড়ে যায়। এর আগে বিভিন্ন ধরনের ফি মিলিয়ে খরচ সাধারণত প্রায় ২ হাজার থেকে ৫ হাজার ডলারের মধ্যে ছিল। ট্রাম্প প্রশাসনের দাবি, কিছু প্রতিষ্ঠান এই কর্মসূচির অপব্যবহার করে কম খরচে বিদেশি কর্মী নিয়োগের মাধ্যমে মার্কিন কর্মীদের প্রতিস্থাপন করছে। একই সঙ্গে প্রশাসন এইচ-১বি আবেদনকারীদের আরও কঠোর যাচাই এবং উচ্চ দক্ষতা ও বেশি বেতনভোগী কর্মীদের অগ্রাধিকার দেওয়ার প্রক্রিয়া প্রস্তাব করেছে।

সূত্র: রয়টার্স