বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১, ২০২৬, ১:৪৩ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ১, ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ফেনীর পথে তারেক রহমান

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ফেনীর পথে তারেক রহমান
ফেনীর পথে প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে গেছেন তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হন তিনি। তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। সফরের শুরুতে দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

এরপর দুপুর দেড়টায় ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।

বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৫টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ছাড়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, দুপুরে ফুলগাজী ডাকবাংলোয় জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ করবেন প্রধানমন্ত্রী।

তারেক রহমানের নানা এস্কান্দার মজুমদারের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে। তাঁর মা প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও ফেনী-১ আসন থেকে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ফেনী সফরের কথা থাকলেও তা স্থগিত করা হয়। পরে নতুন সূচি অনুযায়ী ১ অক্টোবর সফরের তারিখ নির্ধারণ করা হয়।